সর্বশেষ

জাতীয়

আইওএমের সঙ্গে অভিবাসন সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ৪:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
নিয়মিত অভিবাসনের সুযোগ বাড়ানো, অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে দক্ষ জনশক্তি তৈরি, নৈতিক নিয়োগব্যবস্থা এবং নতুন আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ আন্তর্জাতিক অভিবাসন সংস্থার উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলসের

ঢাকায় সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস। বৈঠকে নিরাপদ ও নিয়মিত অভিবাসন, অভিবাসী কর্মীদের অধিকার এবং বাংলাদেশ-আইওএম সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গ্লোবাল কমপ্যাক্ট ফর মাইগ্রেশন (জিসিএম)-এর চ্যাম্পিয়ন দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় কর্মপরিকল্পনার মাধ্যমে অভিবাসন-সংক্রান্ত বৈশ্বিক অঙ্গীকার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এবং বাংলাদেশের উন্নয়ন ও মানবিক কার্যক্রমে দীর্ঘদিনের সহযোগিতার জন্য আইওএমকে ধন্যবাদ জানান।

তিনি নিয়মিত অভিবাসনের পথ সম্প্রসারণ, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, নৈতিক নিয়োগব্যবস্থা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে আইওএমের সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান।

এ সময় স্বাস্থ্যসেবা, পরিচর্যা ও কৃষিসহ বিভিন্ন খাতে দক্ষ বাংলাদেশি কর্মীদের জন্য নতুন আন্তর্জাতিক শ্রমবাজার তৈরি এবং ট্যালেন্ট পার্টনারশিপ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করা হয়।

নারী অভিবাসী কর্মীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহায়তা জোরদারের বিষয়েও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে সংকটাপন্ন দেশগুলো থেকে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে আইওএমের ভূমিকার প্রশংসা করা হয়। পাশাপাশি নিরাপদ প্রত্যাবর্তন, টেকসই পুনর্বাসন, জলবায়ুজনিত অভিবাসন এবং মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধে যৌথ সহযোগিতা অব্যাহত রাখার ওপর জোর দেওয়া হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের জন্য আইওএমের মানবিক সহায়তার প্রশংসা করেন। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

আইওএমের উপ-মহাপরিচালক উগোচি ড্যানিয়েলস অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশের উদ্যোগ ও নেতৃত্বের প্রশংসা করেন। তিনি নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন প্রতিষ্ঠায় বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের সক্রিয় ভূমিকারও প্রশংসা করেন।

বৈঠকের শেষে উভয় পক্ষ অভিবাসীদের অধিকার সুরক্ষা, নিরাপদ ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করা এবং বাংলাদেশের মানবিক ও অভিবাসন-সংক্রান্ত অগ্রাধিকার বাস্তবায়নে বাংলাদেশ-আইওএম অংশীদারিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

১১৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন