ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা
বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬ ৯:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীসহ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সংযম, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের এক মহান শিক্ষা বহন করে। এই উৎসব মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেতনাকে জাগ্রত করে।
মন্ত্রী বলেন, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ ঈদের আনন্দে সামিল হতে পারলেই উৎসবের প্রকৃত তাৎপর্য পূর্ণতা পায়। এ সময় তিনি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি আরও বলেন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার ঈদ উদযাপন আনন্দময় ও নিরাপদ হোক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।
১৬৬ বার পড়া হয়েছে