বরিশালে বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জন নিহত
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উজিরপুর উপজেলার বাসিন্দা ফিরোজ মাহমুদ (৩৭), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত। ফিরোজ মাহমুদ উজিরপুর উপজেলা সদরের আব্দুল হাকিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ মোটরসাইকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে উজিরপুরে যাচ্ছিলেন। পথে যানজটের কারণে বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলটি থামিয়ে রাখেন। এ সময় বরিশালগামী তাজ আনন্দ গ্রুপের একটি তাজ পরিবহন পেছন থেকে মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে ভাঙচুর চালায়। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হন।
এদিকে দুর্ঘটনার কারণে প্রায় দেড় ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। ফলে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং যানজট নিরসনে কাজ চলছে।
১৬১ বার পড়া হয়েছে