গোপালগঞ্জে পৃথক তিন সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৪
রবিবার, ২৪ মে, ২০২৬ ২:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক শ্রমিকসহ দুইজন নিহত হয়েছেন। এসব ঘটনায় এক সাংবাদিকসহ আরও চারজন আহত হয়েছেন।
আজ রবিবার (২৪ মে) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় এবং শনিবার (২৩ মে) রাতে কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি ব্রিজের কাছে এসব দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিসুর রহমান এবং কাশিয়ানী থানার ওসি মো. মাহফুজুর রহমান।
নিহতদের মধ্যে একজন হলেন রাজ সিকদার (২১)। তিনি গোপালগঞ্জ শহরতলীর মৌলভীপাড়া এলাকার মামুন সিকদারের ছেলে। অপর নিহত শ্রমিকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, সদর উপজেলার ভেড়ারবাজার এলাকায় পৌরসভার টোল আদায়ের কাজ করছিলেন রাজ সিকদার। এ সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে, কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি গ্রামে ধান কাটার পর ভাগে পাওয়া ধান একটি ট্রাকে করে বাগেরহাট জেলার রামপালের বাড়িতে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পথে ওড়াকান্দি ঠাকুরবাড়ি ব্রিজে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ধানের বস্তার নিচে চাপা পড়ে এক অজ্ঞাত শ্রমিক নিহত হন এবং আরও ৩ শ্রমিক আহত হন। স্থানীয়রা পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নিহত শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি, কারণ মরদেহ রাতেই নিয়ে যাওয়া হয়।
এছাড়া পৃথক আরেক দুর্ঘটনায় পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে নড়াইল থেকে গোপালগঞ্জে ফিরছিলেন এটিএন নিউজের গোপালগঞ্জ প্রতিনিধি সজীব বিশ্বাস। পথে নড়াগাতি থানার ইসলামপুর এলাকায় তার মোটরসাইকেলটি আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
১২০ বার পড়া হয়েছে