বনানীর বেলতলায় ‘নাডা রুবেল’ ঘিরে অপরাধচক্রের অভিযোগ, আতঙ্কে স্থানীয়রা
বুধবার, ২০ মে, ২০২৬ ৩:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর বনানীর বেলতলা আদর্শনগর এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ অপরাধচক্র সক্রিয় রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তারা এলাকায় প্রভাব বিস্তার করছে—এমন দাবি করেছেন একাধিক বাসিন্দা ও ভুক্তভোগী।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, কামরুজ্জামান রুবেল, যিনি ‘নাডা রুবেল’ নামে পরিচিত, এই চক্রের কেন্দ্রীয় ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিতি পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। তার ঘনিষ্ঠ কয়েকজন সহযোগী নিয়মিতভাবে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত বলে দাবি স্থানীয়দের।
বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বেলতলা এলাকায় ইয়াবা ও হেরোইনের মতো মাদকের অবাধ বাণিজ্য চলছে। নির্দিষ্ট কয়েকটি স্পট ব্যবহার করে এসব মাদক বিক্রি করা হয় এবং একটি সংগঠিত নেটওয়ার্কের মাধ্যমে পুরো কার্যক্রম নিয়ন্ত্রিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, কেউ এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করলে তাকে হুমকি-ধমকি দেওয়া হয়। কিছু ক্ষেত্রে অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয় দেখানোর ঘটনাও ঘটেছে বলে তারা দাবি করেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সম্পর্ক রয়েছে—এমন ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠেছে।
সম্প্রতি পেশাদার গাড়িচালক জাহিদ খান অভিযোগ করেন, তাকে প্রকাশ্যে ভয়ভীতি দেখিয়ে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি বনানী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
তিনি বলেন,
“দিনের বেলায় অস্ত্র দেখিয়ে আমার কাছ থেকে টাকা ও ফোন নিয়ে গেছে। অভিযোগ করলেও এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা দেখা যায়নি।”
এদিকে স্থানীয়দের আরও অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে ভিন্ন রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করেছেন। তবে সংশ্লিষ্ট রাজনৈতিক সংগঠনের নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন।
বনানী থানা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঈনুল ইসলাম রনি বলেন,
“তিনি আমাদের সংগঠনের কেউ নন। কেউ সংগঠনের নাম ব্যবহার করে অপরাধ করলে তার দায় আমরা নেব না।”
অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ, একাধিক অভিযোগ ও মামলার পরও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চক্রটি আরও বেপরোয়া হয়ে উঠেছে। কড়াইল বস্তি ও আশপাশের এলাকাতেও তাদের প্রভাব বিস্তারের কথা শোনা যাচ্ছে।
তবে বনানী থানা পুলিশের একটি সূত্র জানিয়েছে, অভিযোগগুলো গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
১২৪ বার পড়া হয়েছে