সিরাজগঞ্জে দোকানের ভেতরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টা, ঢাকায় পাঠানো হয়েছে
বুধবার, ২০ মে, ২০২৬ ১২:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জ শহরের পৌর সুপার মার্কেটে দোকানের ভেতরে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
বুধবার (২০ মে) সকালে শহরের পৌর সুপার মার্কেটের “মের্সাস শীতল ফ্যাশন” নামের একটি দোকানে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী আজিমুল ইসলাম আজিম (৩৫) ওই দোকানের মালিক। তিনি শহরের হোসেনপুর মহল্লার বাসিন্দা।
স্থানীয় ব্যবসায়ী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে আজিম দোকানে প্রবেশ করেন। সে সময় মার্কেটের অধিকাংশ দোকান বন্ধ ছিল। কিছুক্ষণ পর দোকানের সাটারের নিচ দিয়ে রক্ত বের হতে দেখে আশপাশের লোকজনের সন্দেহ হয়। পরে দোকানের ভেতরে প্রবেশ করে তারা আজিমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। চিকিৎসকরা জানান, তার গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
পৌর নিউমার্কেট হাট ব্যবসায়ী সমিতির নেতারা জানান, দুর্বৃত্তরা আজিমের ওপর হামলা চালিয়ে তাকে দোকানের ভেতরে ফেলে বাইরে থেকে সাটার বন্ধ করে পালিয়ে যায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঈদকে সামনে রেখে এমন ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এদিকে, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
১১৫ বার পড়া হয়েছে