সর্বশেষ

সারাদেশ

কিশোরগঞ্জে পাঁচ উপজেলায় পানিতে ডুবে ৪ শিশুসহ ৫ জনের মৃত্যু

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ

শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
কিশোরগঞ্জের পাঁচ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত নিকলী, মিঠামইন, কটিয়াদী, ভৈরব ও করিমগঞ্জ এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
প্রতীকী ছবি

কিশোরগঞ্জে এক দিনে পানিতে ডুবে চার শিশুসহ পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে চারজন শিশু এবং একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি রয়েছেন। পৃথক এসব ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিকলী উপজেলার কারপাশা ইউনিয়নের নানশ্রী গ্রামে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় পাঁচ বছর বয়সী মোহাম্মদ হাকিম। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। শুক্রবার সকাল আটটার দিকে বড় ভাই ও অন্য শিশুদের সঙ্গে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, শিশুটির মৃত্যু পানিতে ডুবে হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

এদিকে মিঠামইনের হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে মারা যায় টঙ্গীর এরশাদ নগরের বাইতুল কোরআন কওমি মাদ্রাসার শিক্ষার্থী আরিফ হোসেন (১২)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে মাদ্রাসার শিক্ষক ও প্রায় ৪০ শিক্ষার্থী শিক্ষা সফরের অংশ হিসেবে হাওরে আসেন। পরে ইসলামপুর ঘাট এলাকায় গোসল করতে নামলে পানির প্রবল স্রোতে ভেসে যায় আরিফ।

সহপাঠী, শিক্ষক ও স্থানীয়রা দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর দুপুরের দিকে ঘটনাস্থলের কাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন। মিঠামইন থানার উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

কটিয়াদী উপজেলার দক্ষিণ লোহাজুরি গ্রামে বিলে গোসল করতে গিয়ে মারা যায় ১১ বছর বয়সী নাঈম মিয়া। সে মজলু মিয়ার ছেলে। দুপুরের দিকে কয়েকজন সহপাঠীর সঙ্গে গোসল করতে গিয়ে সাঁতার না জানায় প্লাস্টিকের বোতল ভাসমান সহায়তা হিসেবে ব্যবহার করছিল সে। পরে বোতলটি আনতে একা বিলে ফিরে গেলে পা পিছলে গভীর পানিতে পড়ে যায়।

অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভৈরব উপজেলার জগন্নাথপুর মধ্যপাড়া এলাকায় নদীতে ডুবে মারা যায় শুভ ইসলাম স্মরণ (১২)। বৃহস্পতিবার গোসল করতে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। শুক্রবার সকালে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে বিকেলে স্থানীয়রা নদীতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ভৈরব থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) লিমন বোস জানান, নিখোঁজের একদিন পর নদী থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে কিশোরগঞ্জ সদর উপজেলার গাইটাল এলাকার ফিজিওথেরাপিস্ট মো. বাছির উদ্দিন মিলন (৩৮) মেয়েকে বাঁচাতে গিয়ে হাওরের পানিতে ডুবে মারা যান। শুক্রবার বিকেলে পরিবারের সঙ্গে হাওরে ঘুরতে গিয়ে মিঠামইন উপজেলার হাসানপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নৌকায় ভ্রমণের সময় তার ছোট মেয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে মিলন সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপ দেন। তিনি মেয়েকে উদ্ধার করতে পারলেও তীব্র স্রোতে নিজে তলিয়ে যান। পরে স্থানীয় নৌকার মাঝি ও এলাকাবাসীর দীর্ঘ চেষ্টায় তার মরদেহ উদ্ধার করা হয়।

করিমগঞ্জ থানার ওসি মো. সোহেব খান জানান, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

১২১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন