ধামরাইয়ে চার যানবাহনের সংঘর্ষে দুই শিক্ষার্থী নিহত
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৬:১০ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে পরপর চারটি যানবাহনের সংঘর্ষে মোটরসাইকেলে থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার সকালে বাটার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলেন মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা এবং চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী সুজন সাহা। তাঁরা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই ছিলেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শনিবার সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকা থেকে মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। বাসটি দেখে পেছনে থাকা একটি ব্যক্তিগত গাড়ি হঠাৎ ব্রেক করে। পরে এর পেছনে থাকা একটি কাভার্ড ভ্যানও গতি কমিয়ে দেয়।
এ সময় কাভার্ড ভ্যানের পেছনে থাকা দুটি মোটরসাইকেল ধীরগতিতে চলতে শুরু করে। ঠিক তখনই পেছন থেকে আসা স্বাধীনতা পরিবহনের একটি দ্রুতগতির মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুটিকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আবাস সাহা ও সুজন সাহা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
এ ঘটনায় চারটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি নিয়ে পুলিশ তদন্ত করছে।
১২৪ বার পড়া হয়েছে