শেরপুরে হামের উপসর্গে আক্রান্ত ৯ মাসের শিশুর মৃত্যু
শনিবার, ১৬ মে, ২০২৬ ১২:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া সাফুয়াত (৯ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাফুয়াত শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জ্বর, শরীরে ফুসকুড়ি ও শ্বাসকষ্ট নিয়ে গুরুতর অবস্থায় সাফুয়াতকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে টানা তিন দিন ধরে সে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিল। তার শারীরিক অবস্থাও ছিল আশঙ্কাজনক।
হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসকরা শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে সেখানে নেওয়া সম্ভব হয়নি। এর মধ্যেই সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।
সাফুয়াতের বাবা মোজাম্মেল হক বলেন, “দুই দিন ধরে তার জ্বর ছিল, শরীরে ফুসকুড়ি উঠেছিল। আজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমার ছেলের মৃত্যু হয়েছে।”
শিশুটির দাদি মাফুজা বেগম বলেন, “কয়েকদিন ধরে তার জ্বর ছিল, শরীরে ফুসকুড়ি উঠেছিল। হাসপাতালে নেওয়ার পরই সে মারা যায়।” তিনি আরও জানান, সাফুয়াতের বাবা দিনমজুর হিসেবে মাটি কাটার কাজ করেন। পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিকেল কিংবা রাতে শিশুটির দাফন সম্পন্ন করা হবে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের সহকারী রেজিস্টার ডা. আসরাফুরন্নাহার। তিনি বলেন, “শিশুটির অবস্থা খুবই খারাপ ছিল। আমরা সাধ্যমতো চিকিৎসা দিয়েছি এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছিলাম। কিন্তু আর্থিক কারণে পরিবারটি সেখানে নিতে পারেনি। পরে সকাল সাড়ে ১১টার দিকে শিশুটির মৃত্যু হয়।”
এদিকে শেরপুর জেলা সদর হাসপাতালে হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে এ ধরনের ৬০ জন রোগী ভর্তি রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
১১৯ বার পড়া হয়েছে