ফারাক্কা লংমার্চ: ৫০ বছরেও পদ্মা-তিস্তা পানি সংকট অমীমাংসিত
শুক্রবার, ১৫ মে, ২০২৬ ৫:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ফারাক্কা লংমার্চ আজও বাংলাদেশের জাতীয় চেতনার এক স্মরণীয় অধ্যায় হিসেবে রয়ে গেছে। ভয়েজ অব কনসাস সিটিজেন (ভিসিসি) শুক্রবার এই ঐতিহাসিক দিবসের ৫০তম বার্ষিকী উপলক্ষে যৌথ বিবৃতিতে বলেন, লংমার্চ ভারতের সঙ্গে দরকষাকষিতে বাংলাদেশের শক্তি প্রদর্শনের এক গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছিল।
সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মোস্তফা ভুইয়া, ভাইস চেয়ারম্যান মিতা রহমান, নির্বাহী পরিচালক মঞ্জুর হোসেন ঈসা ও পরিচালক জাহিদুল ইসলাম বলেন, “মওলানা ভাসানী আজ আমাদের মাঝে নেই, কিন্তু নদীর বিপন্ন অবস্থা ক্রমেই গুরুতর রূপ নিচ্ছে। পদ্মাসহ দেশের অভিন্ন নদীগুলোর পানি বণ্টন সংক্রান্ত সমস্যা এখনও সমাধান হয়নি।”
তারা আরও বলেন, “ফারাক্কা বাঁধ নির্মাণ এবং তিস্তা নদী নিয়ে ভারতের একতরফা নীতি বাংলাদেশের কোটি কোটি মানুষের জন্য বিপদসঙ্কুল। আন্তর্জাতিক আইন অমান্য করে ভারতের অবৈধ বাঁধ নির্মাণ আজ প্রায় মরণফাঁদে পরিণত হয়েছে। তবে এই ফাঁদ ভারতীয়দের জন্যও বিপজ্জনক হয়ে উঠেছে।”
বিবৃতিতে ঐতিহাসিক লংমার্চের সকল সংগঠক এবং অংশগ্রহণকারীদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, বিশেষ করে মহানায়ক মজলুম জননেতা মওলানা ভাসানী ও সাংগঠনিক প্রধান জাতীয় নেতা মশিউর রহমান যাদু মিয়ার প্রতি।
১২১ বার পড়া হয়েছে