সর্বশেষ

সারাদেশ

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ফের দস্যু আতঙ্ক: ২২ জেলে অপহরণ, ১৭ জনের খোঁজ মেলেনি

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

বৃহস্পতিবার , ৭ মে, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার সুন্দরবন রেঞ্জে আবারও জলদস্যুদের তাণ্ডবে জেলে অপহরণের ঘটনা ঘটেছে। আলিম ও নানাভাই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ২২ জন জেলেকে অস্ত্রের মুখে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এর মধ্যে মুক্তিপণের শর্তে পাঁচজন মুক্তি পেলেও এখনো ১৭ জন জেলে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (৩ মে) সকাল থেকে সোমবার (৪ মে) সন্ধ্যা পর্যন্ত চুনকুড়ি, মালঞ্চ নদীর আগা, চালতেবাড়িয়া, মাইটভাঙা ও পশুরতলা খাল এলাকায় পৃথকভাবে এসব অপহরণের ঘটনা ঘটে। অপহৃতরা সবাই শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ, রমজাননগর ও ঈশ্বরীপুর ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয়দের ভাষ্যমতে, কদমতলা ও কৈখালী স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে মাছ ও কাঁকড়া ধরতে সুন্দরবনে প্রবেশ করেছিলেন জেলেরা। কাজের সময় হঠাৎ দস্যুদের একটি দল তাদের ঘিরে ফেলে অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়।

মুক্তি পাওয়া পাঁচ জেলে জানান, অপহরণের সময় তাদের মারধর করা হয় এবং বাকি জেলেদের এখনো বিভিন্ন স্থানে আটকে রাখা হয়েছে।

অপহৃতদের তালিকায় রয়েছেন মোমিন ফকির, মুর্শিদ আলম, ইসমাইল শেখ, আব্দুল করিম, আব্দুস সামাদ, আল মামুন, রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, সঞ্জয় ও আল আমিনসহ মোট ২২ জন।

স্বজনদের অভিযোগ, এখনো দস্যুদের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট মুক্তিপণের দাবি জানানো হয়নি। তবে তারা উদ্বিগ্ন হয়ে দ্রুত প্রিয়জনদের উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং কোস্টগার্ডের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাওয়া যায়নি।

শ্যামনগর থানার ওসি মো. খালেদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং দস্যুদের ধরতে অভিযান জোরদার করা হবে।

এদিকে অপহরণের ঘটনায় পুরো উপকূলজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলে ও বাওয়ালি পরিবারগুলো দ্রুত তাদের স্বজনদের নিরাপদে ফেরত আনার দাবি জানিয়েছেন।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন