ফরিদপুর মেডিকেল কলেজে নবাগত শিক্ষার্থীদের বরণ করল ছাত্রদল
সোমবার, ৪ মে, ২০২৬ ৫:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ফরিদপুর মেডিকেল কলেজ শাখার উদ্যোগে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। গত ৩ এপ্রিল কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন ব্যাচ ‘এফ-৩৫’-এর শিক্ষার্থীদের শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, চিকিৎসা শিক্ষা শুধু পেশাগত দক্ষতা অর্জনের বিষয় নয়, বরং মানবিকতা, নৈতিকতা এবং দায়িত্ববোধ গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তারা শিক্ষার্থীদের মনোযোগ সহকারে পড়াশোনা করার পাশাপাশি সহমর্মিতা ও দেশপ্রেমের চেতনায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এসময় ছাত্রদলের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে ‘আইটেম কার্ড’ প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রনেতা ইমতিয়াজ আহমেদ লিমন, খালিদ হাসান ইমন, আব্দুল বারিক, মো. আতিকুর রহমান আতিক, আব্দুল্লাহ আল মাহি এবং মামুন আব্দুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং নবাগত শিক্ষার্থীরা এ উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২১৩ বার পড়া হয়েছে