টাঙ্গাইলে মে দিবসে র্যালি-আলোচনা, শ্রমিকের নিরাপদ কর্মপরিবেশে গুরুত্বারোপ
শুক্রবার, ১ মে, ২০২৬ ৯:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শরীফা হক। তিনি বলেন, দেশের উন্নয়নে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। “সুস্থ শ্রমিকই দেশের অগ্রগতির মূল শক্তি,”—বলেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, টাঙ্গাইলের উপমহাপরিদর্শক আহমেদ বেলাল। তিনি কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ ও শ্রমিকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে সভায় শ্রমিক কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন, টাঙ্গাইল এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় এ আয়োজন বাস্তবায়ন করে।
১২৯ বার পড়া হয়েছে