সর্বশেষ

সারাদেশ

বিয়ের প্রলোভনে ধর্ষণ: কুষ্টিয়ায় পলাতক যুবকের যাবজ্জীবন

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ১২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়া বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের দায়ে কুষ্টিয়ার ভেড়ামারায় জনি ওরফে রাজিম (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সাথে তাকে এক লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল, ২০২৬) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক জয়নাল আবেদীন জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্ত জনি ওরফে রাজিম ভেড়ামারা উপজেলার ষোলদাগ গ্রামের বাসিন্দা বাদশা মিয়ার ছেলে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয়ের সূত্রে ওই কলেজ ছাত্রীর সাথে জনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে জনি ২০২২ সালের ১ জানুয়ারি রাতে ভুক্তভোগী তরুণীর বাড়িতে যান। সে সময় বাড়িতে মা-বাবার অনুপস্থিতির সুযোগে তিনি ওই ছাত্রীকে প্রথমবার ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তিনি অসংখ্যবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন, যার ফলে ওই তরুণী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।

বিষয়টি জানাজানি হওয়ার পর জনির পরিবারকে বিয়ের জন্য চাপ দেওয়া হয়। এই সুযোগে জনি নিজেকে সেনা সদস্য দাবি করে পদোন্নতি ও অফিসে ঘুষ দেওয়ার কথা বলে ভুক্তভোগীর পরিবারের কাছে ৮ লক্ষ টাকা দাবি করেন। মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রবাসে থাকা বাবা দাবিকৃত টাকা প্রদান করেন। কিন্তু টাকা হাতিয়ে নেওয়ার পর জনি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন এবং ওই তরুণীকে 'চরিত্রহীন' অপবাদ দিয়ে গর্ভের সন্তানকে নিজের অস্বীকার করেন।

২০২৩ সালের ২ মার্চ ওই তরুণী একটি পুত্রসন্তান জন্ম দেন। কোনো উপায় না দেখে ২০২৩ সালের ২২ জুন তিনি কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভেড়ামারা থানার উপ-পুলিশ পরিদর্শক মিন্টু মিয়া ডিএনএ টেস্টের মাধ্যমে সন্তানের পিতৃপরিচয় নিশ্চিত হওয়ার পর ২০২৩ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, "সাক্ষ্যপ্রমাণ ও ডিএনএ টেস্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আদালত তাকে উপযুক্ত শাস্তি প্রদান করেছেন। আসামি এর আগে গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও বর্তমানে জামিন নিয়ে পলাতক রয়েছেন।"
আদালত জানিয়েছেন, আসামিকে গ্রেফতারের দিন থেকে এই সাজা কার্যকর হবে।

১৩৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন