উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ: মোংলা ও পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যজনিত অস্থিরতা বিরাজ করায় মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে কালবৈশাখী ঝড়, আকস্মিক দমকা হাওয়া, বজ্রপাত এবং স্বল্পস্থায়ী ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ পরিস্থিতিতে পশুর নদীপথে চলাচলকারী সব নৌযানকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সুন্দরবন ও বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে।
মোংলা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ হারুন অর রশিদ বলেন, “বায়ুচাপের তারতম্যের কারণে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট সবাইকে, বিশেষ করে ছোট নৌযানগুলোকে সতর্কভাবে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
এদিকে উপকূলীয় এলাকায় সম্ভাব্য এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন মোংলা বন্দরের উপপরিচালক (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান।
১৫৫ বার পড়া হয়েছে