ঈদগাঁওতে জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি কাজল
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের ঈদগাঁওতে রাবার ড্যামের আওতাধীন জিয়া খালের ৩ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার পোকখালী ইউনিয়নে এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি কোদাল হাতে খাল খনন কাজেও অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি কাজল বলেন, “জিয়া খালের পুনঃখননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে আশা করছেন স্থানীয়রা।
জানা গেছে, কৃষি সেচ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী পাঁচ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
উল্লেখ্য, গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের লক্ষ্যে ১৯৭৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি চালু করেন। সে সময় তিনি সারাদেশে ৩ হাজার ৬৩৬ মাইল খাল খনন করেছিলেন।
১২৬ বার পড়া হয়েছে