চুয়াডাঙ্গায় ২৯টি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ ৭:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গাসহ সারাদেশে আজ একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় জেলার ২৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ কার্যক্রম শুরু হয়।
এ বছর চুয়াডাঙ্গা জেলায় মোট ১১ হাজার ৭৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে এসএসসি (সাধারণ) পরীক্ষায় ১৯টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৮ হাজার ৯৭২ জন শিক্ষার্থী। এছাড়া এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ৫টি কেন্দ্রে ১ হাজার ৬৪২ জন এবং দাখিল পরীক্ষার জন্য ৫টি কেন্দ্রে ১ হাজার ১৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জেলার চারটি উপজেলা—সদর, আলমডাঙ্গা, দামুড়হুদা ও জীবননগরের মোট ২৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্ন করতে জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।
পরীক্ষা শুরুর আগ থেকেই কেন্দ্রের আশপাশের সব কম্পিউটার ও ফটোকপি দোকান বন্ধ রাখা হয়। শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, কলম, পেন্সিল ও প্রবেশপত্র ছাড়া অন্য কোনো সামগ্রী পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি। বিশেষ করে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
প্রতিটি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সীমার মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ মোবাইল ফোন বা কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। কেন্দ্র সচিবকেও শুধুমাত্র সাধারণ (নন-অ্যান্ড্রয়েড) মোবাইল ফোন ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের সঙ্গে কোনো কাগজপত্র বা অননুমোদিত সামগ্রী রয়েছে কি না, তা তল্লাশির মাধ্যমে নিশ্চিত করে কেন্দ্রে প্রবেশ করানো হচ্ছে। পরীক্ষা চলাকালীন পুরো জেলায় সব ফটোকপি মেশিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি নিয়মিত ও ভ্রাম্যমাণ তদারকির জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করছেন। পরীক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করতে সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে