শার্শার বাগআঁচড়ায় ৪ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ১২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।
অভিযানে জহুরা মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা প্রাইভেট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা এবং জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার অংশ হিসেবে বাগআঁচড়ার বিভিন্ন ক্লিনিকে এই অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। তিনি আরও বলেন, সকল অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সুবেন্দু বিশ্বাস এবং শার্শা থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৬ বার পড়া হয়েছে