দেড়শ' বছরের পৌরসভা থেকে বগুড়া এখন সিটি করপোরেশন
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৬:৪১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘ প্রায় দেড়শ' বছরের পথচলার পর অবশেষে সিটি করপোরেশনের মর্যাদা পেল উত্তরাঞ্চলের জেলা বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে পৌর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি করপোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মাধ্যমে দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে যাত্রা শুরু করল বগুড়া সিটি করপোরেশন। এর আগে দেশে ১২টি সিটি করপোরেশন ছিল—ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর ও ময়মনসিংহ।
ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১৮৭৬ সালের ১ জুলাই, ব্রিটিশ শাসনামলে। উত্তরাঞ্চলের প্রাচীন পৌরসভাগুলোর মধ্যে এটি অন্যতম। বর্তমানে পৌরসভার অধীনে ২১টি ওয়ার্ড রয়েছে এবং ২০২২ সালের আদমশুমারি অনুযায়ী এর জনসংখ্যা প্রায় ৪ লাখ।
২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় আশপাশের ৪৮টি মৌজা যুক্ত করে পৌরসভার আয়তন বাড়িয়ে ৬৯.৫৬ বর্গকিলোমিটার করা হয়। একই সঙ্গে ওয়ার্ডসংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়।
সে সময়ই বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার পরিকল্পনার কথা জানানো হলেও দীর্ঘ দুই দশকেও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে সেই পরিকল্পনা বাস্তবে রূপ পেল।
ফলক উন্মোচন অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মীর শাহে আলম, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, স্থানীয় সরকার সচিব শহীদুল হাসান, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং জেলা প্রশাসক তৌফিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে বগুড়ায় আদালতে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া আদালত ভবন থেকে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান। এছাড়া আইনমন্ত্রী আসাদুজ্জামান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়া জেলায় একযোগে এই কার্যক্রম চালু করা হয়েছে। অনুষ্ঠানে জানানো হয়, জামিন প্রক্রিয়া সহজ করা, দুর্নীতি কমানো এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘব করতেই সরকারের এই উদ্যোগ।
এর আগে প্রধানমন্ত্রী বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের ফলক উন্মোচন করেন।
সকালে সকাল ১০টায় প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। সেখান থেকে বেলা ১১টার দিকে তিনি হেঁটে জজ কোর্ট প্রাঙ্গণে যান।
বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে জামিননামা দাখিল ও কারামুক্তির প্রক্রিয়ায় সেবাগ্রহীতাদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হয়। নতুন এই ই-বেইল বন্ড কার্যক্রম সেই ভোগান্তি অনেকটাই কমিয়ে আনবে বলে আশা করা হচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে