আগামীকাল বগুড়া সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ২:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামীকাল সোমবার প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
দিনব্যাপী এই সরকারি সফরে তিনি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ফলক উন্মোচন এবং জনসভায় বক্তব্য রাখবেন।
সকালে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা করবেন। সেখানে পৌঁছে প্রথমেই জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে নবনির্মিত আইনজীবী সমিতির ভবনের উদ্বোধন করবেন তিনি। একই সঙ্গে ‘ই-বেইলবন্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনও করবেন প্রধানমন্ত্রী।
পরে তিনি বগুড়া পৌরভবনে গিয়ে নবগঠিত ‘বগুড়া সিটি কর্পোরেশন’-এর ফলক উন্মোচন করবেন।
এরপর তিনি পৈত্রিক ভিটা গাবতলী উপজেলার বাগবাড়ীতে যাবেন। সেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন করবেন তিনি।
একই কর্মসূচির অংশ হিসেবে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।
দুপুরে তিনি চৌকিরদহ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।
বিকেলে বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে বগুড়া জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি।
সফরের শেষ পর্যায়ে তিনি বগুড়া প্রেসক্লাবের নবনির্মিত ভবন এবং বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনঃনির্মাণ কাজের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বগুড়া জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন, দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
১১৯ বার পড়া হয়েছে