কুষ্টিয়ার দৌলতপুরে মাদকাসক্ত ছেলের আগুনে বসতঘর ভস্মীভূত
শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬ ২:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার একটি গ্রামে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নর মশাউড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মশাউড়া গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। শুক্রবার সকালে সে মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ রয়েছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।
ঘটনার সময় রবিউল ইসলাম বাড়িতে ছিলেন না। তিনি জানান, সকালে বাজারে যাওয়ার পর প্রতিবেশীদের মাধ্যমে আগুনের খবর পান। বাড়িতে ফিরে দেখেন, বসবাসের ঘরসহ ঘরের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুন লাগানোর বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে চাননি।
ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানানো হলেও পরে জানা যায়, পরিবারের এক সদস্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে পরিবারের এক মাদকাসক্ত ছেলে আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
৩২৮ বার পড়া হয়েছে