সাতক্ষীরায় কড়া নিরাপত্তার মধ্যে ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু
বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ৮:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে সাতক্ষীরার ৬০৯টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম বিতরণ শুরু হয়েছে।
বুধবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমটি শুরু করা হয়।
সাতক্ষীরা সদর উপজেলা পরিষদসহ অন্যান্য বিতরণ কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ব্যালট বাক্স, সিল ও অন্যান্য প্রয়োজনীয় নির্বাচনি সামগ্রী হস্তান্তর করা হচ্ছে। পুলিশ ও আনসার সদস্যদের কঠোর পাহারায় সরঞ্জামগুলো নির্ধারিত ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ৬০৯টি কেন্দ্রের মধ্যে ১৭৯টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা অর্ণব দত্ত জানান, “সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হচ্ছে। প্রয়োজনে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি ও র্যাব সদস্যরা সার্বক্ষণিক মাঠে তৎপর থাকবেন।”
প্রশাসন জানিয়েছে, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে যাতে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়।
১২১ বার পড়া হয়েছে