'আইজিপির ছবি-ভয়েস ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়ানো হচ্ছে'
মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ঘটনায় কড়া সতর্কতা জারি করেছে পুলিশ সদর দপ্তর।
এমন কর্মকাণ্ডকে আইনের চোখে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৫ আগস্ট) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইজিপির একটি স্থিরচিত্রের সঙ্গে ভয়েস ক্লোনিং প্রযুক্তির মাধ্যমে কৃত্রিমভাবে তৈরি একটি বিভ্রান্তিকর বার্তা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এ ধরনের কর্মকাণ্ড ডিজিটাল নিরাপত্তা আইনসহ দেশের প্রচলিত আইনের আওতায় গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
পুলিশ সদর দপ্তর নাগরিকদের এ ধরনের ভুয়া ও বিভ্রান্তিকর কনটেন্টে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মনগড়া তথ্য ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।
৩৪৩ বার পড়া হয়েছে