মোংলায় ১ হাজার অসহায় পরিবার পেল বিনা মূল্যে গরুর মাংস
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় দ্বিতীয় ধাপে এক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে বিনা মূল্যে গরুর মাংস বিতরণ করেছে বাঙালী ফাউন্ডেশন। শনিবার বিকেলে পৌর শহরের চারটি ওয়ার্ডের এসব পরিবারের মধ্যে মাংস বিতরণ করা হয়।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে দরিদ্র মানুষের আমিষের চাহিদা পূরণে এ উদ্যোগ নেয় বাঙালী ফাউন্ডেশন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনটির উপদেষ্টা অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামানের ব্যবস্থাপনায় এ কর্মসূচি পরিচালিত হয়।
শনিবার বিকেল চারটায় মোংলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মাংস বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরে পৌর শহরের চারটি ওয়ার্ডের এক হাজার দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়।
আয়োজকেরা জানান, কাতার, সৌদি আরব, মিসর ও তুরস্কসহ কয়েকটি মুসলিম দেশের সহযোগিতায় সারা দেশে এ মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে বাঙালী ফাউন্ডেশন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং তাঁদের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের উদ্দেশ্য।
মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত বাসিন্দারা। তাঁরা জানান, বর্তমান বাজারদরে তাঁদের মতো সাধারণ মানুষের পক্ষে গরুর মাংস কেনা কঠিন। এমন পরিস্থিতিতে বিনা মূল্যে মাংস পেয়ে তাঁরা আনন্দিত ও আয়োজকদের প্রতি কৃতজ্ঞ।
বিতরণকালে অ্যাডভোকেট মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামর্থ্যবান প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব। সবার সম্মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন ও সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ জানান তিনি।
উল্লেখ্য, এর আগে গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ১ হাজার ৪০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে গরুর মাংস বিতরণ করা হয়েছিল।
২৭৮ বার পড়া হয়েছে