গাজীপুরে ৮০ শতাংশ কারখানা খোলা, আশুলিয়ায় ছুটি ৫০টিতে
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৭:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল পর্যন্ত গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। এদিন জেলার প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম চালু ছিল। তবে শ্রমিকদের কর্মবিরতির কারণে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার সকালে গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ঘুরে দেখা যায়, শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কারখানায় প্রবেশ করছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় পোশাকশ্রমিকদের কর্মস্থলে যেতে দেখা গেছে। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও খোলা রয়েছে। পাশাপাশি ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ছিল স্বাভাবিক।
ভোগড়া এলাকার এক পোশাকশ্রমিক বলেন, ‘বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।’
শ্রমিকেরা আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে—এমন প্রত্যাশা নিয়ে কাজে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।
তিনি বলেন, শ্রমিকেরা মনে করছেন, মজুরি বোর্ড তাঁদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে। এ কারণে তাঁরা কাজে যোগ দিচ্ছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও মজুরি বৃদ্ধির দাবিতে নতুন করে আন্দোলন কিংবা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে। শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন এবং প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।
অন্যদিকে গাজীপুরের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতির কারণে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
শিল্প পুলিশ, শ্রমিক ও শ্রমিকনেতাদের সূত্রে জানা গেছে, শনিবার সকালে অধিকাংশ কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানায় শ্রমিকেরা কাজে অংশ না নিয়ে কর্মবিরতি পালন করেন। পরে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার একটি পোশাক কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও কাজে যোগ না দিয়ে নিচে অবস্থান নেন। পরে কর্তৃপক্ষ কারখানাটিতে সাধারণ ছুটি ঘোষণা করে। একইভাবে আরও কয়েকটি কারখানায় শ্রমিকেরা কর্মস্থলে প্রবেশের পর কর্মবিরতি শুরু করলে সেখানেও ছুটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল সাতটায় চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। পরে কর্মবিরতির মুখে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া শনিবার সকাল ১১টার দিকে জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় এ অঞ্চলের ১১টি কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে দুটি কারখানায় নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ আরও ৫০টি কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
১৭০ বার পড়া হয়েছে