রাজশাহীতে দুটি বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৮:৫২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজশাহীর গোদাগাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তল্লাশি চলাকালে তাদের এক সহযোগী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।
শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় জেলা ডিবির একটি দল বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় সন্দেহভাজন হিসেবে এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাদের কাছে থাকা আমেরিকার তৈরি ৭.৬৫ এমএমের দুটি পিস্তল উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের বাসিন্দা মো. শাহীন আলী এবং জমিনপুর গ্রামের পিংকি খাতুন। অভিযান পরিচালনাকালে তাদের সঙ্গে থাকা কালিগঞ্জ গ্রামের মো. শাহীন নামের অপর এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার শাহীন আলীর বিরুদ্ধে আগে থেকেই শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া পলাতক আসামির বিরুদ্ধেও রাজধানীর সূত্রাপুর থানায় মাদক সংক্রান্ত মামলা রয়েছে। এ ঘটনায় গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।
১৮৯ বার পড়া হয়েছে