নরসিংদীতে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধার মৃত্যু, আহত ৫
শনিবার, ২১ নভেম্বর, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর শিবপুরে সিমেন্টবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মিনারা বেগম (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনারা বেগম মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের নাদাইল গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় আহত অন্য যাত্রীরা হলেন সৌরভ, শরীফ, জিনিয়া, কাউসার ও জান্নাতুল। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালকসহ আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মনোহরদীগামী সিমেন্টবোঝাই ট্রাকটি চক্রধা ইউনিয়নের পচারবাড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির সাথে সংঘর্ষ হয়। এতে যানটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কোহিনূর মিয়া জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে, তাকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
১৩৪ বার পড়া হয়েছে