জলবায়ু সুবিচারের দাবিতে ধানক্ষেতে দাঁড়িয়ে ময়মনসিংহের কৃষকদের বার্তা
শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ৯:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে প্রান্তিক চাষিদের সুরক্ষায় ময়মনসিংহে ধানখেতেই অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সমাবেশ। বিশ্বনেতাদের কাছে ক্ষতিপূরণ ও জলবায়ু ন্যায়বিচারের দাবি জানিয়ে আসন্ন কপ-৩১ সম্মেলনের প্রেক্ষাপটে নিজেদের ৬ দফা দাবি তুলে ধরেছেন স্থানীয় কৃষক-কৃষাণীরা।
শনিবার সকালে ময়মনসিংহ সদর উপজেলার অষ্টধার ইউনিয়নের একটি ধানখেতে ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক এই প্রচারাভিযানের আয়োজন করা হয়। তুরস্কের আন্তালিয়ায় চলমান আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপের ৩১তম আসরে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের কণ্ঠস্বর পৌঁছে দিতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু সংকটের পেছনে বাংলাদেশের প্রান্তিক কৃষকদের কোনো ভূমিকা না থাকলেও বৈশ্বিক উষ্ণায়ন ও চরম আবহাওয়ার সবচেয়ে বড় ভুক্তভোগী তারাই। তাই সংকট মোকাবিলার নামে চাষিদের ওপর বাড়তি খরচের বোঝা না চাপিয়ে উন্নত বিশ্বকে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিতের আহ্বান জানানো হয়।
কর্মসূচি থেকে কৃষকেরা খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ, নীতিনির্ধারণে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ, সৌরসেচ ও পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসার এবং উৎপাদন খরচ কমাতে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর কৃষিব্যবস্থা গড়ে তোলার দাবি জানান।
সমাবেশে গবেষক ও সাংবাদিক মোকাম্মেল হোসেন, মো. আক্তারুজ্জামান, ইমন সরকার এবং কৃষক প্রতিনিধি এমদাদুল ইসলাম ও নাজমা আক্তার বক্তব্য দেন। অন্যচিত্র ফাউন্ডেশনের বাস্তবায়নে ক্লিন, বিডাব্লিউজিইডি, প্রাণ এবং ফোরাম অন ইকোলজি অ্যান্ড ডেভেলপমেন্ট এই কর্মসূচিতে সহায়তা করে।
১৩৬ বার পড়া হয়েছে