কলাপাড়ায় ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে সোপর্দ
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ ৬:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবাসহ মো. আল-আমিন সরদার (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে তাকে আটক করে কলাপাড়া থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদুল হক খানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) মুহা. শামীম আকনসহ পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে অভিযানটি পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে কলাপাড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার পাকা সড়ক থেকে আল-আমিনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-আমিন কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মঙ্গলসুখ রোড এলাকার ওহাব সরদারের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার সকালে তাকে পটুয়াখালী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।
১১০ বার পড়া হয়েছে