কুড়িগ্রামে ২ কোটি টাকার খাদ্যশস্য আত্মসাৎ: ৪ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
কুড়িগ্রাম সদর খাদ্য গুদামে সরকারি চাল ও ধান আত্মসাতের অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ চার কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুই কোটি টাকারও বেশি মূল্যের সরকারি খাদ্যশস্য অনিয়ম ও তসরুফের অভিযোগে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়।
দুদকের এজাহার সূত্রে জানা যায়, কুড়িগ্রাম সদর খাদ্য গুদামের সরকারি খাদ্যশস্যের মজুত ও সংগ্রহের নথিপত্র পর্যালোচনায় ব্যাপক অসংগতি ধরা পড়ে। বাস্তব মজুতের সঙ্গে নথির চাল ও ধানের পরিমাণের বড় ধরণের পার্থক্য পরিলক্ষিত হয়। এর মধ্যে বিল পরিশোধের পরও গুদামে ধান না পাওয়া এবং খামাল রেজিস্টারে ভুয়া তথ্য দেওয়ার বিষয় রয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে দুদকের একটি এনফোর্সমেন্ট দল গুদামে অভিযান চালিয়ে নথিভুক্ত মজুতের তুলনায় ৪২ দশমিক ২০৫ মেট্রিক টন চাল কম পায়, যার আনুমানিক মূল্য ২৪ লাখ ৬১ হাজার টাকার বেশি। পাশাপাশি নথিতে থাকা ৭১১ মেট্রিক টন ধানের মধ্যে ৫০ মেট্রিক টন চাল প্রস্তুতকারী মিলে পাঠানোর দাবি করা হলেও বাস্তবে তার কোনো অস্তিত্ব মেলেনি।
এছাড়া গুদামের অন্য একটি নথিতে থাকা ৪৭১ মেট্রিক টন ধানের কোনো বৈধ প্রমাণ মেলেনি, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা। সব মিলিয়ে মোট ২ কোটি ১ লাখ ৭৫ হাজার ৩৫২ টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ করা হয়েছে বলে নিশ্চিত হয়েছে তদন্ত দল।
অন্য একটি স্থান থেকে নথিবহির্ভূতভাবে মজুত করা আরও ১১৯ মেট্রিক টন চাল উদ্ধার করে জব্দ করা হয়। এসব অনিয়মের পরিপ্রেক্ষিতে চার কর্মকর্তার বিরুদ্ধে দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা প্রক্রিয়াজাত করা হয়েছে।
১১৪ বার পড়া হয়েছে