গাজীপুরে আনসার একাডেমিতে ৪ দেশের রাষ্ট্রদূত, প্রশিক্ষণ সক্ষমতা পর্যবেক্ষণ
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ ২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার অংশ হিসেবে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একাডেমি পরিদর্শন করেছেন চার দেশের কূটনৈতিক প্রতিনিধিরা। এ সময় প্রতিনিধিদলকে বাহিনীর আধুনিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম ঘুরিয়ে দেখানো হয়। এতে বিদেশে বাংলাদেশের শ্রমবাজার প্রসার ও সহযোগিতার নতুন পথ উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
সোমবার গাজীপুরের সফিপুরে আনসার একাডেমিতে সিঙ্গাপুর, মরক্কো, কসোভো ও মালদ্বীপের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলকে স্বাগত জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি তাঁদের বাহিনীর সাংগঠনিক কাঠামো এবং জননিরাপত্তা ও আর্থসামাজিক উন্নয়নে অবদানের বিষয়ে অবহিত করেন।
মহাপরিচালক জানান, ৬০ লাখের বেশি সদস্যের বিশাল নেটওয়ার্ককে কাজে লাগিয়ে কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পরবর্তীতে প্রতিনিধিদল ইভি কারযোগে প্রান্তিক শক্তি প্রশিক্ষণ কেন্দ্র (পিএসটিসি) পরিদর্শন করে।
সফরের সময় অতিথিরা ৬জি ওয়েল্ডিং, সৌরবিদ্যুৎ, ড্রাইভিং সিমুলেটর, আইসিটি বাস, কুটিরশিল্প, জাপানি ভাষা শিক্ষা, আতিথেয়তা, রন্ধনশিল্প ও পোশাক খাতের নানা প্রশিক্ষণ কার্যক্রম প্রত্যক্ষ করেন। আধুনিক সরঞ্জাম ও উন্নত সুবিধা দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শকদের মধ্যে ছিলেন মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশিদ, কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা, সিঙ্গাপুরের ভারপ্রাপ্ত হাইকমিশনার ফিলিপ ওং এবং মরক্কোর রাষ্ট্রদূত লাল্লা বুতাইনা এল কেরদৌদি এল কৌলালি। এই সফরের ফলে ভবিষ্যতে কারিগরি দক্ষতা বিনিময় ও আন্তর্জাতিক কর্মসংস্থানে নতুন দিগন্ত সূচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
১২৯ বার পড়া হয়েছে