ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ও উন্নয়ন বিষয়ক সভা
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:৪৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬ এবং ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনা ২০২৬-২০৪০ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নগরীর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সরকারি দপ্তরে স্বাস্থ্যসম্মত টয়লেট ও নিরাপদ পানি নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। তিনি বলেন, এই নীতিমালার মূল উদ্দেশ্য মানুষের স্বাস্থ্য ও পরিবেশ রক্ষা করা। অন্যের সমালোচনা না করে নিজ নিজ দপ্তরে স্বাস্থ্যসম্মত টয়লেট এবং নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে সাইফুল ইসলাম মজুমদার আশা প্রকাশ করেন, এই অবহিতকরণ সভার মাধ্যমে ময়মনসিংহ এলাকায় পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ে ব্যাপক সচেতনতা তৈরি হবে। জেলা প্রশাসক মো: সাইফুর রহমান স্থানীয় সরকার বিভাগকে ধন্যবাদ জানিয়ে ময়মনসিংহে তাঁর নেতৃত্বে পরিচালিত 'ক্লিন সানডে' কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
এর আগে স্থানীয় সরকার বিভাগের উপসচিব সুয়ে মেন জো জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ও ওয়াশ সেক্টর উন্নয়ন পরিকল্পনার ওপর একটি বিস্তারিত তথ্যচিত্র উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ প্রদীপ কুমার সাহা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জন কেনেডি জাম্বিল এবং উপ-পরিচালক উম্মে হাবিবা মীরাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ।
১০৬ বার পড়া হয়েছে