পূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ ২:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
শারদীয় দুর্গাপূজা, কালীপূজা ও ছটপূজা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ১৭ অক্টোবর থেকে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। যৌথ আলোচনার মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলো এই সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ সিদ্ধান্তে ১৭ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ী স্থলবন্দরের বাণিজ্যিক লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। ভারত ও বাংলাদেশের আমদানিকারক-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন যৌথ আলোচনার মাধ্যমে ছুটির এ সূচি নির্ধারণ করেছে।
ফুলবাড়ী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে জানায়, ভারতের উৎসবকালীন এই ছুটির কারণে বন্দর সম্পৃক্ত নেপাল ও ভুটানের সঙ্গেও বাংলাবান্ধা স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। ফলে এই সময়কালে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে ভারতের ফুলবাড়ী হয়ে বাংলাবান্ধা দিয়ে পণ্যবাহী যানবাহন যাতায়াত করবে না।
তবে বন্দরের বাণিজ্যিক চালানের কাজ স্থগিত থাকলেও ইমিগ্রেশন পারাপারে কোনো ব্যাঘাত ঘটবে না। পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতের মধ্যে যাতায়াত প্রক্রিয়া আগের মতোই স্বাভাবিকভাবে চালু রাখা হবে। ছুটি শেষে ২৪ অক্টোবর থেকে বন্দরটিতে বাণিজ্যিক লেনদেন পুনরায় শুরু হবে।
১০৭ বার পড়া হয়েছে