চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের পচা খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরবরাহ করা নিম্নমানের ও পচা খাবার খেয়ে গত ছয় মাসে অন্তত ১০০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান 'গাক'-এর বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও প্রশাসনের ধীরগতির পদক্ষেপে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। সচেতন মহলের দাবি, দ্রুত কঠোর আইনি ব্যবস্থা নিয়ে কোমলমতি শিশুদের স্বাস্থ্যঝুঁকি মুক্ত করা হোক।
সর্বশেষ গত ১ অক্টোবর শিবগঞ্জের লহলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাবার খেয়ে ১২ জন এবং সেপ্টেম্বরে নয়াগোলা পুলিশ লাইনস বিদ্যালয়ের ১১ শিশু হাসপাতালে চিকিৎসা নেয়। এছাড়া চলতি বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে শংকরবাটি, সালিম ডোলপাড়া ও চাতরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পচা ডিম ও দুর্গন্ধে ভরা পাউরুটি খেয়ে অসুস্থ হয়ে পড়ে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জমির মো. হাসিবুস সাত্তার জানান, হাসপাতালে ভর্তি হওয়া শিশুদের মধ্যে বমি, পেটব্যথা ও খিঁচুনির মতো মারাত্মক উপসর্গ দেখা গেছে। চিকিৎসকদের মতে, এসব লক্ষণ মূলত খাদ্যে বিষক্রিয়ার নির্দেশ করে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গি জানান, তদন্তে খাবারের নিম্নমানের প্রমাণ মিলেছে। সরবরাহকারী প্রতিষ্ঠান গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বিরুদ্ধে মামলা দায়েরের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উল্লেখ্য, জেলার ৪টি উপজেলার ৬১৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১ লাখ ২৯ হাজার শিশুর জন্য প্রতিদিন খাবার সরবরাহ করে বেসরকারি সংস্থা গাক। বিশাল এই প্রকল্পের খাবারে বারবার অনিয়ম সামনে আসায় অভিভাবকদের নিয়ে মনিটরিং কমিটি গঠন ও তদারকি জোরদার করার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
১০৯ বার পড়া হয়েছে