বিসিবির মালামাল চুরি: রাজশাহীতে আইফোন ও ডলারসহ গ্রেপ্তার ৪
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ৯:২১ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ডিভিশন ক্রিকেট দলের চুরি হওয়া মালামাল উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে আইফোন, মার্কিন ডলার, ম্যাসাজ বেড ও বেশ কিছু লাগেজ রয়েছে। চলন্ত কাভার্ড ভ্যানের তালা ভেঙে এসব মালামাল চুরি করা হয়েছিল।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর বিসিবির অধীনে পরিচালিত ডিভিশন ক্রিকেট দলের মালামাল নিয়ে একটি কাভার্ড ভ্যান ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশে রওনা দেয়। নাটোরের হরিশপুর বাইপাস মোড়ে চালক গাড়ির তালা পরীক্ষা করে পুনরায় যাত্রা শুরু করেন। তবে পুঠিয়ার তারাপুর মোড়ে চলন্ত কাভার্ড ভ্যানের পেছনের তালা ভেঙে মোটরসাইকেল আরোহী কয়েকজন দুষ্কৃতকারী মালামাল চুরি করে চম্পট দেয়।
পরবর্তীতে রাজশাহী শহরের হোটেল গ্র্যান্ড রিভারভিউয়ে ক্রিকেট দলের মালামাল নামানোর সময় দেখা যায়, মোট ৫৪টি লাগেজের মধ্যে ৮টি উধাও। এ ঘটনায় রাজপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হলে তদন্তে নামে জেলা গোয়েন্দা পুলিশ।
রাজশাহী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি বিশেষ দল বৃহস্পতিবার ভোরে পুঠিয়ার তারাপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে শাহাদাত হোসেনের বাড়ি থেকে চুরি হওয়া একটি আইফোন ১৫ প্রো ম্যাক্স, ৩০০ মার্কিন ডলার, ম্যাসাজ বেড, চারটি প্লাস্টিকের বাক্স, নগদ আট হাজার টাকা, তালা ভাঙার সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধারসহ চারজনকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মোজাম্মেল হক, মো. সোহান রহমান, মো. রুবেল আহমেদ এবং মো. শাহাদাত হোসেন। পুলিশ জানায়, আসামীদের বিরুদ্ধে পূর্বেও একাধিক থানায় মামলা রয়েছে। এ ঘটনায় পুঠিয়া থানায় নতুন মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
১৬০ বার পড়া হয়েছে