কলাপাড়ায় অন্তঃসত্ত্বাকে মারধর ও নবজাতকের মৃত্যু: প্রধান আসামি গ্রেফতার
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় গর্ভবতী নারীকে মারধর করে গর্ভপাত ও নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রধান অভিযুক্ত মোঃ সোহাগ শিকদারকে গ্রেফতার করেছে এসআরবি-৮। মঙ্গলবার রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৬ সেপ্টেম্বর আসামিরা লোহার রড ও কাঠের লাঠি নিয়ে ভিকটিম তানিয়া বেগম এবং তাঁর স্বামীকে অতর্কিত হামলা চালিয়ে জখম করে। এ সময় হামলাকারীরা ভিকটিমের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় এবং তাদের দীর্ঘ সময় আটকে রাখে।
মারধরের একপর্যায়ে গুরুতর অসুস্থ তানিয়া বেগমকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হলে তাঁর সাত মাসের গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। পরবর্তীতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে নবজাতকের মৃত্যু ঘটে।
ঘটনার পর তানিয়া বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্ত আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৮ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে মূল অভিযুক্ত সোহাগ সিকদারকে গ্রেফতার করে। তাকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা।
১১২ বার পড়া হয়েছে