চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে যুবকের মৃত্যু
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৯:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আজিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিম চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোনাকষা গ্রামের মো. হাসানুরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ১১টার দিকে মহারাজপুর সড়ক দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের সাথে বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিকশার জোরালো সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আজিমকে উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন আকন্দ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
১১১ বার পড়া হয়েছে