বগুড়ায় শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র, শিক্ষার্থীদের বিক্ষোভ
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৩:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
শ্রেণিকক্ষে শাসন করার জেরে বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের এক শরীরচর্চা শিক্ষককে রাস্তায় পিটিয়ে আহত করেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী। এই বর্বরোচিত হামলার প্রতিবাদে প্রতিষ্ঠানটির সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
আহত শিক্ষকের নাম রায়হান ইসলাম। তিনি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শরীরচর্চা বিভাগে কর্মরত রয়েছেন। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে স্কুলের সামনের প্রধান সড়কে ওত পেতে থাকা ওই শিক্ষার্থী গাছের ডাল দিয়ে শিক্ষকের ওপর অতর্কিতে হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায়।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বিক্ষোভে ফেটে পড়ে সাধারণ শিক্ষার্থীরা। অভিযুক্ত ছাত্রের কঠোর শাস্তির দাবিতে তারা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষে শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই শিক্ষার্থীকে ইতিপূর্বে শাসন করেছিলেন শিক্ষক রায়হান ইসলাম। সেই ক্ষোভ থেকেই এই হামলার ঘটনা ঘটে। ইতোমধ্যে অভিযুক্ত ছাত্রকে প্রতিষ্ঠান থেকে বাধ্যতামূলক বহিষ্কার করা হয়েছে এবং তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রতিষ্ঠানের ২০ বছরের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলে জানান অধ্যক্ষ।
১১০ বার পড়া হয়েছে