মোংলায় টাস্কফোর্সের অভিযানে গাঁজাসহ গ্রেপ্তার ৬, কারাদণ্ড ও জরিমানা
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ ৪:৪৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় টাস্কফোর্সের যৌথ অভিযানে ৬ মাদক সেবীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
পৌর শহরের পরিত্যক্ত শ্রমিক-ভবন এলাকায় এই বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক এস. এম. জাফরুল আলম এক প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. বিল্লাল (৩২), বাচ্চু আকন, মো. আছাদ শেখ (৫১), জিয়াউল ইসলাম (৪৮), জামাল শেখ (৬০) এবং সগীর হাওলাদার (৪৫)। আটককৃতদের সবার বাড়ি মোংলা পৌরসভার বিভিন্ন এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রকাশ্যে গাঁজা সেবন, সংরক্ষণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করার অপরাধে আসামিদের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মোংলা উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সাজা ঘোষণা করেন।
আদালতের রায়ে ৬ আসামির প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। বাগেরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, মাদকের বিস্তার রোধে এ ধরনের টাস্কফোর্স অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
১০৯ বার পড়া হয়েছে