সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: আরও একজন গ্রেপ্তার
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৯:০২ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ আবাসন প্রকল্পে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিকাশ নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে এ মামলায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরীকে রাজধানীর সেগুনবাগিচার একটি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এরও আগে ২৮ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা মামলার ৯ নম্বর এজাহারভুক্ত আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত হয় ২৬ সেপ্টেম্বর দিবাগত রাতে। ওই রাতে ইসিবি চত্বরের নিউগিনি প্রোপার্টিজ প্রকল্পে অবস্থিত সালমান মুক্তাদিরের স্টুডিওতে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওটির জমির মালিক নিউগিনি প্রোপার্টিজ লিমিটেড এবং স্থানীয় অন্য জমির মালিকদের মধ্যে চলমান বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে।
পরবর্তীতে ২৭ সেপ্টেম্বর রাজধানীর বেইলি রোড এলাকা থেকে হামলার মূল পরিকল্পনাকারী ও মামলার এক নম্বর আসামি শাহরিয়ারসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন ভাষানটেক থানা যুবলীগের সহ-সভাপতি শাহ আলম অনিক, ভাষানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
সর্বশেষ বিকাশকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় মোট ১০ জনকে গ্রেপ্তার করা হলো।
১১১ বার পড়া হয়েছে