কুমিল্লায় কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় সদস্য গ্রেপ্তার
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:১৩ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে তিন থানার তিনটি গ্যাংয়ের পাঁচ সক্রিয় মূলহোতাকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। সোমবার (৫ অক্টোবর) কুমিল্লা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুমিল্লা কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধানে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি ও আতঙ্ক সৃষ্টির সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লা কোতোয়ালি থানা এলাকার ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের জিসান (১৯), চৌদ্দগ্রাম এলাকার ‘১২০৭’ গ্যাংয়ের মো. তারেক হোসেন সৈকত (১৯), মো. জাফর আহমদ (২৩) ও সাইফুল ইসলাম (২০) এবং মনোহরগঞ্জের ‘পিএক্স ১০’ গ্যাংয়ের মো. শাকিব (১৭)।
পুলিশের ভাষ্য, সংশ্লিষ্ট থানা-পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিট এসব অভিযান চালাচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল রক্ষা এবং সমাজকে অপরাধমুক্ত রাখতে কিশোর গ্যাংসহ অন্যান্য অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
১১০ বার পড়া হয়েছে