‘টেকসই নগরায়ণ’ স্লোগানে গোপালগঞ্জে বিশ্ব বসতি দিবস পালিত
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বসতি দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ উদ্যোগে সোমবার দুপুরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের দিবসের মূল লক্ষ্য ছিল সর্বজনীন বাসস্থান ও টেকসই নগরায়ণ নিশ্চিত করা।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। সভায় বক্তারা বলেন, দেশের ক্রমবর্ধমান জনসংখ্যার আবাসন চাহিদা পূরণ করতে হলে পরিকল্পিত ও টেকসই শহর গড়ে তোলার কোনো বিকল্প নেই। গোপালগঞ্জে পরিকল্পিত আবাসন গড়ে তোলার ক্ষেত্রে আইন মেনে চলার প্রতি জোর দেন তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, পরিবেশ রক্ষা, জলাশয় সংরক্ষণ, সুষ্ঠু যাতায়াত ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিবেচনা করে নতুন প্রযুক্তির সহায়তায় পরিকল্পিত বসতি স্থাপন করা জরুরি। পরিবেশের ক্ষতি না করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য শহর গড়ে তোলার আহ্বান জানান বিশেষজ্ঞরা।
১২১ বার পড়া হয়েছে