মোংলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ ৬:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তারা গুণগত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের সামাজিক মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবি জানান।
মোংলা উপজেলা পরিষদের সামনে থেকে সোমবার (৫ অক্টোবর) সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার সুমি। সভায় বক্তারা শিক্ষকদের অধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার ওপর বিশেষ জোর দেন।
অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা বন্দর ফাজিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা মো. রুহুল আমিন, মোংলা সরকারি কলেজের শিক্ষক ডক্টর অসিত কুমার সাহা এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তালুকদার মো. জিহাদ।
শিক্ষার্থীদের পক্ষে সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র আপন বিশ্বাস এবং সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী শেফা তাদের অনুভূতি ব্যক্ত করে। বক্তারা বলেন, যোগ্য জাতি গঠনে শিক্ষকদের অবদান অতুলনীয়। তাই তাদের সামাজিক মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব।
১৬৪ বার পড়া হয়েছে