ফেসবুকে প্রেমের টান: বিয়ে করতে চীন থেকে ঠাকুরগাঁওয়ে চীনা যুবক
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গড়ে ওঠা প্রেমের সম্পর্কের টানে চীন থেকে সুদূর ঠাকুরগাঁওয়ে ছুটে এসেছেন এক যুবক। বিয়ের পিঁড়িতে বসতে শিওং ঝেনতিং নামের ওই চীনা তরুণ এখন হরিপুর উপজেলার বীরগড় গ্রামে প্রেমিকার বাড়িতে অবস্থান করছেন। এই ভিনদেশি জামাইকে দেখতে স্থানীয় উৎসুক মানুষের ভিড় জমছে এলাকায়।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার প্রত্যন্ত বীরগড় গ্রামের বাসিন্দা আবুল কালামের মেয়ে নাসিমা আক্তার। তিনি বর্তমানে ঢাকার একটি পোশাক কারখানায় কর্মরত রয়েছেন। বেশ কিছুদিন আগে ফেসবুকের মাধ্যমে চীনের শিনজিয়াং প্রদেশের আলার শহরের বাসিন্দা শিওং ঝেনতিংয়ের সঙ্গে নাসিমার পরিচয় ঘটে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যোগাযোগের একপর্যায়ে তাদের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের ভার্চুয়াল প্রেমকে বাস্তব রূপ দিতে এবং সামাজিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে গত ২৭ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন শিওং ঝেনতিং। বিমানবন্দর থেকে তিনি সরাসরি প্রেমিকার গ্রামের বাড়িতে চলে যান।
প্রত্যন্ত সীমান্ত এলাকায় সুদূর চীন থেকে এক বিদেশি নাগরিকের আগমনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভিনদেশি এই যুবককে একনজর দেখতে প্রতিদিন নাসিমার বাড়ির আশপাশে অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাচ্ছেন।
তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে নাসিমার পরিবার বেশ সতর্ক অবস্থানে রয়েছে। তারা বাইরের কাউকে ওই তরুণ-তরুণীর সঙ্গে কথা বলতে বা কোনো ছবি ও ভিডিও ধারণ করতে দিচ্ছেন না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক মর্যাদা রক্ষার্থেই তারা এই গোপনীয়তা বজায় রাখছেন।
হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বিয়ের উদ্দেশে এক চীনা নাগরিকের ঠাকুরগাঁওয়ে আসার খবর পুলিশ পেয়েছে। নিরাপত্তা এবং অন্যান্য আইনি বিষয়গুলো স্থানীয় প্রশাসন তদারকি করছে।
১০৭ বার পড়া হয়েছে