সর্বশেষ

জাতীয়

শেখ নুরুল ইসলামকে ‘সালমানের শ্বশুর’ বলায় আপত্তি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৫:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশিষ্ট ব্যবসায়ী শেখ নুরুল ইসলাম, তাঁর পরিবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন তথ্যকে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে প্রতিবাদ ও স্পষ্টীকরণ দিয়েছে শেখ নুরুল ইসলামের পক্ষ।

২ অক্টোবর দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনমনে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করা এবং সংশ্লিষ্ট বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরতেই এই স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ নুরুল ইসলাম গত ৪৬ বছর ধরে কানাডায় বসবাস করছেন এবং তিনি দেশটির বৈধ নাগরিক। তাঁর দুই কন্যা দিশা ইসলাম ও বর্ষা ইসলামও জন্মগতভাবে কানাডার নাগরিক। বিদেশি নাগরিক হিসেবে শেখ নুরুল ইসলাম বাংলাদেশের আইন মেনে ব্যবসা পরিচালনা করছেন বলে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে।

এতে আরও বলা হয়, কানাডায় শেখ নুরুল ইসলামের নিজস্ব বৈধ ব্যবসা রয়েছে। সেখান থেকে নিয়মতান্ত্রিকভাবে বাংলাদেশে রেমিট্যান্স এনে তিনি দেশে ব্যবসা সম্প্রসারণ করছেন।

ঋণ ও অর্থ পাচারের অভিযোগ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শেখ নুরুল ইসলাম বাংলাদেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে কোনো ধরনের ঋণ নেননি। নিজস্ব পুঁজি ও রেমিট্যান্সের মাধ্যমে ব্যবসা পরিচালনা করায় তাঁর বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তোলা সম্পূর্ণ অবান্তর, যুক্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করা হয়েছে।

বাংলাদেশে তাঁর ব্যবসা ও প্রতিষ্ঠান নিয়েও বিজ্ঞপ্তিতে ব্যাখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘ফুয়াং বোলিং সার্ভিসেস লিমিটেড’ ছাড়া শেখ নুরুল ইসলামের দেশে অন্য কোনো মদের বার, ওয়্যারহাউজ বা ডিপ্লোমেটিক বন্ডেড হাউজ নেই। এর বাইরে তাঁর বৈধ রেস্টুরেন্ট ও এগ্রো ব্যবসা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সম্প্রতি ‘টসবন্ট’ নামের একটি ওয়্যারহাউজ সিলগালা করার পর সেটিকে শেখ নুরুল ইসলামের প্রতিষ্ঠান হিসেবে প্রচার করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়। তবে ওই প্রতিষ্ঠানের সঙ্গে শেখ নুরুল ইসলাম বা তাঁর পরিবারের কোনো সম্পর্ক নেই বলে স্পষ্ট করা হয়েছে।

সালমান মুক্তাদিরের সঙ্গে পারিবারিক সম্পর্কের বিষয়েও অবস্থান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়, সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নুরুল ইসলামের কন্যা দিশা ইসলামের বিয়ে তিনি বা তাঁর পরিবার মেনে নেননি। বিয়ের পর থেকেই সালমানের সঙ্গে পরিবারের সব ধরনের সামাজিক ও পারিবারিক সম্পর্ক বিচ্ছিন্ন রয়েছে বলেও দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই বাস্তবতায় সালমান মুক্তাদিরের সঙ্গে শেখ নুরুল ইসলামের নাম জড়িয়ে তাঁকে ‘সালমানের শ্বশুর’ হিসেবে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা অনভিপ্রেত, অসত্য ও অশোভন।

সবশেষে সংশ্লিষ্ট ব্যক্তি, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় এসব তথ্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০