৭৫ মিনিটে তিন ভূমিকম্প, ভোরেও কেঁপে উঠল দেশ
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ ৩:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টা থেকে রাত দেড়টার মধ্যে এসব ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায়। এর পর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় একটি ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকা কেঁপে ওঠে। চট্টগ্রামেও এ ভূমিকম্প অনুভূত হয়।
এর ঠিক এক মিনিট পর বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় রিখটার স্কেলে ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়। এর প্রভাবে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
এরপর রাত ১টা ২৭ মিনিটে ত্রিপুরার আগরতলায় রিখটার স্কেলে ৩ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প সংঘটিত হয়। এ ভূমিকম্পেও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের কথা বলা হয়েছে।
এদিকে ভোরের দিকে আরও একটি ভূকম্পন রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভোর ৪টার দিকে ঢাকা থেকে ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না বা এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।
১১০ বার পড়া হয়েছে