সিরাজগঞ্জে ১৮ বস্তা সার অবৈধভাবে মজুদ, জামায়াত নেতাকে জরিমানা
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ ৫:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদের অভিযোগে জামায়াতে ইসলামীর স্থানীয় এক নেতাকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দকৃত ১৮ বস্তা সার সরকারি ন্যায্য মূল্যে কৃষকদের মাঝে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট ধোপাকান্দি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার ছোট ধোপাকান্দি এলাকায় গভীর রাতে একটি অটোরিকশা থেকে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মনিরুল ইসলামের বাড়িতে গোপনে ইউরিয়া সার নামানো হচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সেখানে দ্রুত অভিযান পরিচালনা করে। এ সময় মনিরুল ইসলামের বাড়ি থেকে ৯শ কেজি ওজনের মোট ১৮ বস্তা অবৈধভাবে মজুতকৃত ইউরিয়া সার জব্দ করা হয়।
অনুমোদিত ডিলার ব্যতীত ব্যক্তিগত বাসভবনে বিপুল পরিমাণ সার মজুত রাখার অপরাধে ‘সার ব্যবস্থাপনা আইন, ২০০৬’-এর ১২ ধারা অনুযায়ী অভিযুক্ত জামায়াত নেতা মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে কামারখন্দ উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
২৯৪ বার পড়া হয়েছে