বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড় যুক্তরাষ্ট্রে
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ন
শেয়ার করুন:
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধে শতভাগ শুল্কছাড়ের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে শূন্য শুল্কের আওতাভুক্ত দেশ ও অঞ্চলের তালিকা প্রকাশ করেছে।
নতুন এই সুবিধার আওতায় জটিল ও বিশেষায়িত চিকিৎসায় ব্যবহৃত বেশ কিছু ওষুধ কোনো ধরনের শুল্ক ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পাবে। এর মধ্যে রয়েছে বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের প্লাজমা বা রক্তরস থেকে উৎপাদিত চিকিৎসা উপাদান, বন্ধ্যত্বের ওষুধ, সেল ও জিন থেরাপি এবং অ্যান্টিবডি-ড্রাগ কনজুগেট।
এ ছাড়া রাসায়নিক, জৈবিক, তেজস্ক্রিয় ও পারমাণবিক হুমকি মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসাসামগ্রী এবং প্রাণিচিকিৎসার কিছু পণ্যও এ শুল্কছাড়ের আওতায় থাকবে। এসব পণ্যের কাঁচামাল ও সংশ্লিষ্ট উপাদানও প্রয়োজনে শুল্কমুক্ত সুবিধা পাবে।
ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, শূন্য শুল্ক সুবিধা দেওয়ার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিমালার আলোকে বলা হয়েছে, যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের কার্যকর বা প্রস্তাবিত বাণিজ্য ও নিরাপত্তা কাঠামো চুক্তি রয়েছে এবং যেসব পণ্য যুক্তরাষ্ট্রের জরুরি স্বাস্থ্যচাহিদা পূরণে অপরিহার্য, কেবল সেসব ক্ষেত্রেই এ সুবিধা প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের বিশেষ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আর্জেন্টিনা, ভারত, কম্বোডিয়া, ইকুয়েডর, এল সালভাদর, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), গুয়াতেমালা, ইন্দোনেশিয়া, জাপান, জর্ডান, মালয়েশিয়া, উত্তর মেসিডোনিয়া, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড ও লিশটেনস্টাইন, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য এবং ভিয়েতনাম।
তবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট তালিকার বাইরে থাকা পেটেন্টযুক্ত সাধারণ ওষুধের ওপর আগের মতোই ১০০ শতাংশ শুল্ক বহাল থাকবে, যদি না সেগুলো অন্য কোনো বিশেষ সুবিধার আওতায় পড়ে।
অন্যদিকে সাধারণ জেনেরিক ওষুধের ক্ষেত্রে আলাদা নিয়ম রাখা হয়েছে। মার্কিন বাণিজ্য বিভাগ জানিয়েছে, জেনেরিক ওষুধ ও এর উপাদানগুলো সেকশন ২৩২-এর আওতায় আরোপিত এই শুল্কের অধীন হবে না।
১০৮ বার পড়া হয়েছে