সর্বশেষ

সারাদেশ

সাতক্ষীরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, প্লাবনের আশঙ্কায় স্বেচ্ছাশ্রমে কাজ করছেন স্থানীয়রা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ২:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাতক্ষীরার আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। এতে শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকার প্রায় ৫০ মিটার বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধটি ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে বেড়িবাঁধের একটি অংশে ফাটল দেখা দেয়। সোমবার সকালে জোয়ারের পানির প্রবল চাপে তা বিশাল আকৃতির ভাঙনে রূপ নেয়। বাঁধের পাশাপাশি ওয়াপদা সড়কের একটি বড় অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ওই এলাকার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ভাঙনের খবর ছড়িয়ে পড়লে নদী তীরবর্তী এলাকার মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নের কয়েক হাজার মানুষের ঘরবাড়ি এবং মৎস্যঘের এখন মারাত্মক হুমকির মুখে রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাৎক্ষণিক পদক্ষেপ না পেয়ে সোমবার সকাল থেকেই কয়েক শতাধিক গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে বালির বস্তা ও মাটি ফেলে বাঁধটি রক্ষার আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতি বছরই নদী ভাঙনের কারণে তাদের সর্বস্ব হারাতে হয়। পাউবোর উদাসীনতার কারণেই তাদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। নতুন করে এলাকা প্লাবিত হলে হাজার হাজার মৎস্যঘের ভেসে যাবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা থমকে দাঁড়াবে। একই আশঙ্কা প্রকাশ করে নূরে আলম সিদ্দিকী নামে আরেক বাসিন্দা দ্রুত বাঁধ সংস্কারের তাগিদ দেন।

এ বিষয়ে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া জানান, ভাঙনের খবর পেয়েই তারা দুর্ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুততম সময়ের মধ্যে সেখানে সরকারিভাবে সংস্কার কাজ শুরু করা হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুণ্ডু জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জরুরি ভিত্তিতে কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য অবহিত করা হয়েছে।

১৬২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০















সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০


বিজ্ঞাপন
৩২০ x ৫০