ময়মনসিংহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ উদ্যোগে আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় জেলার সরকারি ওয়েব পোর্টালগুলোর হালনাগাদ পরিস্থিতি ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 'ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ, অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা' প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজা মো: গোলাম মাসুম প্রধান। সভায় সংশ্লিষ্ট দপ্তরের প্রধানগণ, সনাক ও টিআইবি প্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থাপিত মূল প্রবন্ধে জানানো হয়, ময়মনসিংহ জেলার ১০১টি সরকারি ওয়েব পোর্টালের মধ্যে মাত্র ৬টি দপ্তরের পোর্টাল শতভাগ হালনাগাদ পাওয়া গেছে। এছাড়া ৮৫টি প্রতিষ্ঠানের তথ্য পোর্টাল ৫০ শতাংশের ওপরে এবং ১৬টি পোর্টাল ৫০ শতাংশের নিচে হালনাগাদ রয়েছে। ডিজিটাল বাংলাদেশে দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সকল সরকারি পোর্টাল দ্রুত শতভাগ হালনাগাদ করার তাগিদ দেওয়া হয় সভায়।
অতিরিক্ত জেলা প্রশাসক তাঁর সভাপতির বক্তব্যে বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী প্রকাশযোগ্য যেকোনো তথ্য জনগণের জন্য অবারিত রাখতে হবে। বিশেষ করে সরকারি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বরাদ্দ, ঠিকাদারি প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট তথ্যাদি দৃশ্যমান স্থানে সাইনবোর্ডের মাধ্যমে প্রদর্শন করা বাধ্যতামূলক। দেশ গঠনে এবং সরকারি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিটি দপ্তরে ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
১২০ বার পড়া হয়েছে